ভারতের জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ও অভিনেত্রী মিনি মাথুর জানিয়েছেন, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করায় ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম মৌসুমের সঞ্চালকের দায়িত্ব হারিয়েছিলেন তিনি। বিষয়টি তাঁকে হতাশ করেছিল বলে জানান মিনি। পরে ষষ্ঠ মৌসুমে তাঁকে আবার ফিরতে বলা হলেও তিনি আর রাজি হননি।

সম্প্রতি ‘হটারফ্রাই’-এর ‘দ্য মেল ফেমিনিস্ট’ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মিনি। সেখানেই তিনি জানান, ‘ইন্ডিয়ান আইডল’-এর চতুর্থ মৌসুম শেষ হওয়ার পর তিনি দ্বিতীয় সন্তান সাইরাহর মা হতে যাচ্ছেন বলে জানতে পারেন।

মিনি বলেন, পঞ্চম মৌসুমের প্রস্তুতি শুরুর সময় তিনি আয়োজকদের নিজের গর্ভাবস্থার কথা জানান। তাঁর ধারণা ছিল, অনুষ্ঠানের অডিশন পর্বে তিনি স্বাভাবিকভাবেই কাজ করতে পারবেন। তবে ফাইনালের সময় তাঁর গর্ভাবস্থা স্পষ্ট হয়ে উঠবে—এ বিষয়টিও তিনি দলকে আগেই জানিয়েছিলেন।

কিন্তু পরে সেটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মিনি জানান, তাঁকে জানানো হয়েছিল পঞ্চম মৌসুমে তাঁকে আর সঞ্চালকের ভূমিকায় রাখা হবে না। কারণ হিসেবে তাঁকে বলা হয়েছিল, ‘ভারতীয় দর্শক একজন গর্ভবতী সঞ্চালককে মেনে নিতে পারবেন না।’

মিনি বলেন, ঘটনাটি তাঁকে খুবই হতাশ করেছিল। তাঁর মতে, মানুষ যে সময়ের সঙ্গে কতটা বদলে যাচ্ছে, সেটি সংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝতে পারেননি।

পরে ষষ্ঠ মৌসুমে ফের ‘ইন্ডিয়ান আইডল’-এ তাঁকে প্রস্তাব দেওয়া হলেও তত দিনে তাঁর মন বদলে গেছে। তিনি জানান, সে সময় তিনি আর আগের মতো আগ্রহী ছিলেন না, তাই তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

দীর্ঘ টেলিভিশন ক্যারিয়ারে মিনি মাথুরের অন্যতম পরিচিত কাজ ‘ইন্ডিয়ান আইডল’। ‘টল মল কে বোল’ দিয়ে তাঁর টেলিভিশনে যাত্রা শুরু হয়। এরপর এমটিভির ভিডিও জকি হিসেবে কাজ করেন তিনি। পরে ‘ইন্ডিয়ান আইডল’-এর সঞ্চালক হিসেবে ঘরে ঘরে পরিচিতি পান। টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ‘মাইন্ড দ্য মালহোত্রাস’ তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর একটি।

অডিশন থেকে ফেরার পথে কেন কাঁদতে কাঁদতে কানের দুল কিনতেন এই অভিনেত্রী

কবির খানের সঙ্গে যেভাবে পরিচয়
পরিচালক ও চিত্রনাট্যকার কবির খানের সঙ্গে মিনি মাথুরের দাম্পত্যের বয়স ২৮ বছর। তাঁদের প্রথম পরিচয়ও হয়েছিল কাজের সূত্রে।

কবির এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দুজন একই ধরনের পেশায় থাকায় বিয়ের পর সচেতনভাবেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁদের প্রথম দেখা হয়েছিল একটি অনুষ্ঠানের শুটিংয়ে।

তাঁরা জানান, সে সময় একটি চ্যানেলের অনুষ্ঠানে মিনি ছিলেন উপস্থাপক আর কবির ছিলেন ফ্রিল্যান্স ক্যামেরাপারসন। দুজনেরই আলাদা তারিখসংক্রান্ত সমস্যা ছিল। সে সমস্যার কথা জানাতেই তাঁরা একই প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসে গিয়েছিলেন। সেখানেই প্রথম দেখা হয়।

কবিরের ভাষ্য অনুযায়ী, বৈঠকের সময় তাঁদের দুজনেরই কাজটির প্রতি আগ্রহ তৈরি হয় এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানটিতে কাজ করার সিদ্ধান্ত নেন। সে অনুষ্ঠানের জন্য তাঁদের ভারতের বিভিন্ন জায়গায় একসঙ্গে ভ্রমণ করতে হয়েছিল। ভ্রমণের সেই সময়েই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।