বিশ্বের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কাতার সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ বুধবার দোহায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল মঙ্গলবার সকালে দুই দিনের সরকারি সফরে দোহায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।"

সাক্ষাৎকালে খলিলুর রহমান কাতারের নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, কাতারের এই ভূমিকা বৃহত্তর অঞ্চলসহ এর বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনি খলিলুর রহমানের দায়িত্ব সফলভাবে পালনে কাতারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারির সঙ্গে বৈঠক করেন, যেখানে বিনিয়োগ, ব্যাংকিং ও অন্যান্য খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এরপর কাতার এনার্জির সদর দপ্তরে জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবিরের সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা, বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ খাতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সন্ধ্যায় তিনি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি এবং শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মার্রির সঙ্গেও বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর কাতার সফর করছেন।