মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত সরকার এই পদক্ষেপ না নিলে তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের এক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পুরো মিছিলের নেতৃত্ব দেন শ্যামল মালুম।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শ্যামল মালুম বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে।"
বক্তব্যের এক পর্যায়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, উৎপাদন, রপ্তানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নতির কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে দেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।"
এই পরিস্থিতির প্রেক্ষিতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। শ্যামল মালুম স্পষ্টভাবে জানান, "শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের মতো পরিবেশ ভারত সরকারকে তৈরি করতে হবে। অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না।"
উক্ত সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।