যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক দলের সিনেট প্রাইমারিতে অভাবনীয় জয় পেয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অ্যাঞ্জি নিক্সন। গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তিনি দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স ভিন্ডম্যানকে পরাজিত করেছেন। চলতি বছর ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে প্রগতিশীল প্রার্থীদের ধারাবাহিক সাফল্যের সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এই জয়কে।

দলটির শীর্ষ নেতৃত্বের প্রতি অনেক ভোটারের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। তাঁদের অভিযোগ, "দলটির শীর্ষ নেতৃত্বের অনেকে বেশ বয়স্ক। তাঁরা রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যথেষ্ট কার্যকর নন।"

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রগতিশীল প্রার্থীদের এই ক্রমবর্ধমান উত্থান নভেম্বরে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ডেমোক্র্যাটদের পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে।

৪২ বছর বয়সী অ্যাঞ্জি নিক্সন ফ্লোরিডার শ্রমিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। চলতি বছর অঙ্গরাজ্যটির আইনসভায় নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি বিলের প্রতিবাদে গোলাপি রঙের মেগাফোন নিয়ে ভোটে বাধা দেওয়ায় তাঁকে তিরস্কার করা হয়েছিল।

অন্যদিকে, ২০১৯ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন তদন্তে কংগ্রেসে সাক্ষ্য দিয়ে পরিচিতি পেয়েছিলেন অ্যালেক্স ভিন্ডম্যান। নির্বাচনী প্রচারণার জন্য তিনি নিক্সনের তুলনায় ১৬ গুণ বেশি অর্থ সংগ্রহ করেছিলেন। বিশ্লেষকদের ধারণা ছিল, নভেম্বরের সাধারণ নির্বাচনে রিপাবলিকান সিনেটর অ্যাশলি মুডির বিরুদ্ধে ভিন্ডম্যানের জয়ের সম্ভাবনা বেশি ছিল।

ফ্লোরিডা একসময় রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য হলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। ফলে নিক্সনের এই জয় নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য পরিস্থিতি আরও কঠিন করতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে আলাস্কায় ডেমোক্রেট মেরি পেল্টোলা তাঁর প্রতিদ্বন্দ্বী ড্যান সুলিভানের চেয়ে বেশি ভোট পেয়ে নভেম্বরের সাধারণ নির্বাচনে জায়গা করে নিয়েছেন। ৯৩ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, পেল্টোলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট এবং সুলিভান পেয়েছেন ৪২ দশমিক ৮ শতাংশ ভোট। উল্লেখ্য, ১০০ সদস্যের সিনেটে নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের আরও চারটি আসন প্রয়োজন।