স্টিয়ারিং হুইলবিহীন দুই আসনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি 'সাইবারক্যাব' খুব শীঘ্রই রাস্তায় নামতে পারে। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে চলতি মাসেই গাড়িটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে। যদিও এই বিষয়ে টেসলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রতিষ্ঠানটির রোবোট্যাক্সি বিভাগের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে শিগগিরই কার্যক্রম শুরু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অস্টিনে সাইবারক্যাব চালুর প্রস্তুতি চলছে। প্রাথমিক পর্যায়ে টেসলার নিজস্ব কর্মীদের এই গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। পরবর্তীতে অস্টিনে বিদ্যমান টেসলার রোবোট্যাক্সি সেবার সঙ্গে সাইবারক্যাবকে যুক্ত করা হবে। তবে বাণিজ্যিক যাত্রার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ বর্তমানে স্টিয়ারিং হুইলবিহীন গাড়ি দিয়ে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা পরিচালনার অনুমতি নেই। তবে বিশেষ অনুমোদনের সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে টেসলার রোবোট্যাক্সি সেবায় মডেল ওয়াই গাড়ি ব্যবহৃত হচ্ছে। তাই সাইবারক্যাবের যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। টেসলার ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যাপক পরিসরে উৎপাদনের জন্য নির্ধারিত গাড়িগুলোর মধ্যে সাইবারক্যাব অন্যতম। প্রচলিত গাড়ির তুলনায় এর নকশা ও ব্যবহারের ধরন সম্পূর্ণ আলাদা; এতে মাত্র দুটি আসন রয়েছে এবং কোনো স্টিয়ারিং হুইল নেই। মূলত স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিবহনের লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে, ফলে পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কিছু এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে টেসলার রোবোট্যাক্সি সেবা চালু রয়েছে। এই সেবা পরিচালনায় টেসলা ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করছে, যা উন্নত হলেও এখনো কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে।