রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মিয়ানমারের দেওয়া সাম্প্রতিক এক বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য থাকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে ঢাকার সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। তিনি বলেন, "মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার) কথা বলেছেন। মিয়ানমারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে সংখ্যার কিছু বিভ্রান্তি রয়েছে, যার সঙ্গে বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত নয়।"

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, মিয়ানমারের রাষ্ট্রদূত বিষয়টি তার সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে যাচাই প্রক্রিয়া শুরু হলেও তা ধীরগতিতে চলছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ এই প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।

রোহিঙ্গাদের আশ্রয় প্রদান প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, "মানবিক ও মানবাধিকারের বিষয় বিবেচনা করেই বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশ চায়, তারা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে নিজ দেশে ফিরে যাক। তাদের নিজস্ব পরিচয় রয়েছে এবং সেই পরিচয় নিয়েই তাদের মিয়ানমারে ফেরত যেতে হবে।"

সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী চীন সফরের সময় চীনের সরকারও মিয়ানমারের ওপর যথেষ্ট চাপ প্রয়োগের আশ্বাস দিয়েছে বলে তিনি জানান। এছাড়া সার্জিও গোরের সঙ্গে আলোচনায় আন্তর্জাতিক চাপের বিষয়টি উঠে এসেছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।