মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, "সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনি (পরিচিতি নম্বর-৩১০৭)-কে অন্য যেকোনো পেশা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুন:চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।"

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, নিয়োগের অন্যান্য শর্ত আগের চুক্তির মতোই বহাল থাকবে।

ড. নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে, গত ১৬ ফেব্রুয়ারি তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকার তাকে রাষ্ট্রপতির কার্যালয় বিভাগের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল এবং পরদিন ১৮ আগস্ট তিনি সেখানে যোগদান করেন। পরবর্তীতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি ওই ব্যাচের ১৪২ জনের মেধাতালিকায় চতুর্থ অবস্থানে ছিলেন। তবে ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছিল।