২০২৪ সালের গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্ব ও আচরণে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। তাঁর মতে, বর্তমান রাজনীতি দ্রুত অর্থবিত্ত ও ক্ষমতা অর্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের দেড় বছরের এই সময়ে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যেও ক্ষমতার মোহ তৈরি হয়েছে, যা তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি কমরেড খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাইফুল হক আক্ষেপ করে বলেন, দেশে বর্তমানে স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের চরম সংকট চলছে। দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গ করতে পারে এমন নিবেদিতপ্রাণ নেতৃত্বের অভাব আজ গভীরভাবে অনুভূত হচ্ছে।

খন্দকার আলী আব্বাসের কথা স্মরণ করে তিনি বলেন, ‘কমরেড খন্দকার আলী আব্বাস ছিলেন ঠিক এই প্রকৃতির একজন মানুষ।’

বর্তমান প্রজন্মের জন্য খন্দকার আলী আব্বাসের রাজনৈতিক জীবন ও আদর্শের প্রাসঙ্গিকতা উল্লেখ করে সাইফুল হক বলেন, দেশ ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করার যে রাজনৈতিক আদর্শ তিনি ধারণ ও চর্চা করেছেন, বর্তমান রাজনীতির সংকট উত্তরণে সেই আদর্শ ও মূল্যবোধ থেকে শিক্ষা নেওয়া জরুরি।