প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের ‘দূরের পাল্লা’ কবিতার একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। নদী তীরের জীবন ও প্রকৃতির নান্দনিক রূপ ফুটে উঠেছে এই কবিতায়।

কবিতার বিষয়বস্তু অনুযায়ী, তিন মাঝি তিনটি বইঠা নিয়ে মন্থরগতিতে নৌকা চালায় এবং নৌকা চালানোর সময় তারা গান গায়। দূরে যাত্রা করার জন্য তারা তিন দাঁড়ের একটি সরু নৌকা ব্যবহার করে। সারা দিন ধরে গান গাইতে গাইতে এবং প্রকৃতির নানা দৃশ্য দেখতে দেখতে তারা ধীরগতিতে এগিয়ে চলে।

নদীর তীরের এক সুন্দর দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে কবিতায়, যেখানে ঘোমটা দেওয়া এক বধূ ঝকঝকে কলসিতে জল ভরতে আসেন। জল ভরার সময় কলসিতে যে ‘বকবক’ শব্দ হয়, তা এক বিশেষ আবহ তৈরি করে।

কবিতাটির মূলভাবের কথা বলা হয়েছে এভাবে: ‘দূরের পাল্লা’ কবিতায় ফুটে উঠেছে নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। নদীতে তিন মাঝি সারা দিন নৌকা বেয়ে চলে। নদীর দুই তীরের পাড় ঝোপঝাড়–জঙ্গলে পরিপূর্ণ। জেগে ওঠা চরে বাঁশের কঞ্চি দিয়ে মানুষ ঘর তৈরি করে। বনহাঁস চরে ডিম দেয় এবং সেই ডিম শেওলা দিয়ে ঢেকে রাখে। পানকৌড়ি জলে ডুব দেয়, সেই সঙ্গে টুপটুপ করে ডুব দেয় ঘোমটা পরা বউ। তার জল ভরার কলসিটা ঝকঝকে সুন্দর। জল ভরার সময় তাতে বকবক শব্দ হয়। তারই পাশ দিয়ে তিন মাঝি গান গাইতে গাইতে ধীরগতিতে এগিয়ে চলে।

শিক্ষার্থীদের সহায়তায় এই আলোচনাটি প্রস্তুত করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকার শিক্ষক মোস্তাফিজুর রহমান।