সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। পা অবশ হয়ে যাওয়ায় তার চলাফেরা সীমিত হয়ে পড়েছে। তবে, অসুস্থতার কারণে আপাতত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানিয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আমার এখন হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এ কারণে আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।”

তিনি আরও জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন অনুযায়ী গুলশানের নিজ বাসভবনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা গ্রহণ করছেন। বঙ্গভবন ছাড়ার পর এ পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি। বিদেশে চিকিৎসার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপরই এ সিদ্ধান্ত নির্ভর করছে।”

উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। পদত্যাগের দুই দিন পর তিনি বঙ্গভবন ত্যাগ করে বর্তমানে গুলশানের নিজ বাসায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এদিকে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে পাঁচ বছরের জন্য তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।