রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। বেলা ১১টার দিকে সিইসির সভাকক্ষে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়, এসময় ১১-দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এর মধ্যে একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এদিকে, দুপুর ১২টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন।