রাজপরিবারের সদস্য হিসেবে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিয়েছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, সুলতানের আদেশে এই সিদ্ধান্ত ‘অবিলম্বে কার্যকর’ করা হয়েছে।

গ্র্যান্ড চেম্বারলেইনের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর উপাধি প্রত্যাহার করা হয়েছে। তাঁর কর্মকাণ্ড রাজপরিবারের সুনামও ক্ষুণ্ন করেছে।’

৩৩ বছর বয়সী পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ হলেন ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। সিংহাসনের উত্তরাধিকার ক্রমে প্রিন্স আবদুল মালিক চতুর্থ স্থানে রয়েছেন। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানিয়েছে, রাবিয়াতুল আদাউইয়াহর কর্মকাণ্ডে সুলতানের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে এবং রাজতন্ত্রের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তবে তিনি ঠিক কী ধরনের ‘অনুপযুক্ত আচরণ’ করেছেন, সে বিষয়ে গ্র্যান্ড চেম্বারলেইনের দপ্তর বা অন্য কোনো সূত্র থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই সিদ্ধান্তের ফলে রাবিয়াতুল আদাউইয়াহ তাঁর ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধিটি হারিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, সুলতান এর আগেও রাজপরিবারের সদস্যদের উপাধি কেড়ে নিয়েছেন। ২০০৩ সালে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজ এবং ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়েছিল। তবে রাবিয়াতুল আদাউইয়াহর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, কারণ তিনি এখনো সুলতানের ছেলের স্ত্রী এবং রাজপরিবারের সদস্য। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স আবদুল মালিক ও রাবিয়াতুল আদাউইয়াহর বিয়ে হয়। ১০ দিনব্যাপী সেই অনুষ্ঠানে হাজারো অতিথি অংশ নিয়েছিলেন। দম্পতির চার সন্তান রয়েছে— ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছর বয়সী প্রিন্সেস ফাতিয়্যাহ, ৬ বছর বয়সী প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলাহ। প্রতিবেদন অনুযায়ী, মায়ের উপাধি কেড়ে নেওয়া হলেও সন্তানদের রাজকীয় উপাধিতে কোনো প্রভাব পড়েনি।

প্রিন্স আবদুল মালিক সুলতান হাসানাল বলকিয়াহর প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। তিন স্ত্রীর মাধ্যমে সুলতানের মোট ১২ জন সন্তান রয়েছে।

৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের একক শাসক। ১৯৬৮ সালে ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসা তিনি বর্তমানে বিশ্বের দীর্ঘতম সময় ধরে শাসন করা রাজা। বোর্নিও দ্বীপে অবস্থিত তেলসমৃদ্ধ এই দেশটি চারদিক থেকে মালয়েশিয়ার ভূখণ্ড দ্বারা বেষ্টিত। সুলতান বর্তমানে বিশ্বের বৃহত্তম আবাসিক প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে বসবাস করেন, যেখানে ১ হাজার ৭৮৮টি কক্ষ রয়েছে। তাঁর শাসনামলে ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।