দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। ২৪ ঘণ্টা পার হতে না হতেই ভ্যাটসহ প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সকাল ১০টায় এই নতুন দাম ঘোষণা করে। বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতনপদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।