টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দেশজুড়ে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত আগামী শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত এই মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণ বিক্রি চলবে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার মূল্যে কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা অপরিবর্তিত রয়েছে।