দেশের অভ্যন্তরে কেনাকাটা ও বিল পরিশোধে ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের জুলাই মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডধারীরা ৩ হাজার ৮৪ কোটি টাকা খরচ করেছিলেন। গত জুনে এই অংক বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকায়। অর্থাৎ, এক বছরে অভ্যন্তরীণ ক্রেডিট কার্ডের ব্যয় বেড়েছে ১ হাজার ৩৭৭ কোটি টাকা।

বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ আড়াই বছর ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুপাতে আয় বাড়েনি। ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা দৈনন্দিন প্রয়োজন মেটাতে ক্রেডিট কার্ডের ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। ব্যাংকগুলো সাধারণত উচ্চ সুদে এই ঋণ প্রদান করে থাকে।

প্রতিবেদনে দেখা গেছে, ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ডিপার্টমেন্ট স্টোরগুলোতে। গত জুনে মোট খরচের ৫১ শতাংশ বা ২ হাজার ২৭৩ কোটি টাকা ব্যয় হয়েছে এই খাতে। দ্বিতীয় সর্বোচ্চ খরচ হয়েছে খুচরা বিক্রয়কেন্দ্রে, যার পরিমাণ ৪৭১ কোটি টাকা। অর্থাৎ, মোট ব্যয়ের ৬২ শতাংশই হয়েছে এই দুই খাতে। মে মাসে এই দুই খাতে খরচ ছিল ২ হাজার ৫৫০ কোটি টাকা, যা জুনে বেড়ে ২ হাজার ৭৪৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে শুধু কেনাকাটাতেই খরচ বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা।

এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম মুক্তকণ্ঠকে বলেন, "দেশে নগদবিহীন লেনদেনের বদলে কার্ডের ব্যবহার বাড়ছে। ফলে দেশজুড়ে সেবা বিস্তৃত হওয়ায় মানুষের মধ্যে তাই কার্ডের ব্যবহার বাড়ছে। ক্রেডিট কার্ডে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের সুবিধা বা অফার দিয়ে থাকে। এ কারণে এসব সুবিধা গ্রহণে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে। পাশাপাশি জরুরি প্রয়োজনেও একটি শ্রেণি ক্রেডিট কার্ড ব্যবহার করছে।"

অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিদেশের মাটিতেও বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গত জুনে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে প্রায় ৫৫৩ কোটি টাকা, যা মে মাসে ছিল ৪২৫ কোটি টাকা। এক মাসের ব্যবধানে এই ব্যয় বেড়েছে ১২৮ কোটি টাকা। বিদেশের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে (৮৫ কোটি টাকা) এবং দ্বিতীয় সর্বোচ্চ খরচ হয়েছে থাইল্যান্ডে (৫৮ কোটি টাকা)।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত জুন শেষে দেশে মোট ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল ২৭ লাখ ৫০ হাজার ৫১৩টি, যা মে মাসে ছিল ২৭ লাখ ৪২ হাজার ৪৯টি। এক মাসের ব্যবধানে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৮ হাজার।