বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এনটিআরসিএ-এর কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে বিষয়টি পর্যালোচনা করছে।

সোমবার (১০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। সেখানে তিনি উল্লেখ করেন, "বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএ এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি দাবি করে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো।"

সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার—এমন খবর প্রকাশিত হয়। এই খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণ শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রতিবাদের মুখে এবং ছড়িয়ে পড়া তথ্যের ব্যাখ্যা দিতেই শিক্ষামন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি প্রদান করেন।