বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েত করার কথা জানিয়েছে তারা।
সোমবার (১০ আগস্ট) ডাকসুর ভিপি সাদিক কায়েম এই কর্মসূচির কথা ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, সরকার যদি এই সিদ্ধান্ত বাতিল না করে, তবে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।
পাশাপাশি, ডাকসু নেতারা সারাদেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের এই প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।