প্রতিবছরের ধারাবাহিকতায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও সাফল্য ধরে রেখেছে রাজধানীর মাইলস্টোন কলেজ। চলতি বছর বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৮৮ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৬৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগে মোট ১২৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১২৬২ জন। পাসের হার ৯৯.৭৬ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ৫৯৩ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২২৮ জন শিক্ষার্থী। পাস করেছে ২২৬ জন। এই বিভাগে পাসের হার ৯৯.১২ শতাংশ।

ফলাফল ঘোষণার পর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে উচ্ছ্বাসে মেতে ওঠে কৃতী শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরাও এই সাফল্য উদ্‌যাপনে যোগ দেন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেছেন, শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাকে এই ফলাফলের পেছনের অন্যতম মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে একাডেমিক শৃঙ্খলা বজায় থাকে বলেই মাইলস্টোন কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে।’