এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে দেশের সব শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে অনলাইনে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত তথ্যানুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন। যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন।

অন্যান্য বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। সবশেষে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছরের ৬৮ দশমিক ০৪ শতাংশের তুলনায় ৩ দশমিক ৯৯ শতাংশ কম। ২০২৬ সালে সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

অন্যদিকে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সামগ্রিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে ছাত্রীরা এগিয়ে রয়েছে। এছাড়া একাদশ শ্রেণিতে প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে বলে জানা গেছে।