২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার এবং সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনের দিক থেকে সব শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ঢাকা বোর্ড।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

বোর্ডভিত্তিক প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৭১.৬৩ শতাংশে। এই বোর্ডে সর্বোচ্চ ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে সাফল্য দেখিয়েছে।

পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৭৮ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৯ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী।

রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ হলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় তারা ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে; এই বোর্ডে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশের কাছাকাছি হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে চমক দেখিয়েছে শিক্ষার্থীরা। এই বোর্ডে ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৭৮ জন। এছাড়া চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৩৯৮ জন, সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৩৬ জন এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন।

সাধারণ বোর্ডের বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ পাসের হারের বিপরীতে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৯৫১ জন।