২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সম্মিলিত গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ছিলেন ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।

অনলাইনে ফল দেখার প্রক্রিয়া
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এজন্য https://eduboardresults.gov.bd অথবা https://educationboardresults.gov.bd এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মেসেজ অপশন ব্যবহার করে এসএমএসের মাধ্যমেও ফল জানা সম্ভব। এর জন্য লিখতে হবে:

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026

এরপর মেসেজটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে।