কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের চাপায় এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশার আহত তিন যাত্রীকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত চালকের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"