ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের ভেতরে থাকা একটি ছোট প্লাস্টিক খেলনা বল গিলে মুকুন্দ ময়ূর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা গেছে, দোকান থেকে কেনা একটি চিপসের প্যাকেট শিশুর হাতে দেওয়া হয়েছিল। প্যাকেটের ভেতরে থাকা প্লাস্টিকের বলটিকে চিপস মনে করে শিশুটি মুখে দেয়। মুহূর্তের মধ্যেই বলটি তার গলায় আটকে যায় এবং শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে।

শ্বাসকষ্টে শিশুর ছটফটানি দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার প্রেক্ষিতে হুনসুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে একই জেলার হুনসুর এলাকায় পূজার জন্য রাখা শুকনো জবা ফুল গলায় আটকে চিন্ময় গৌড়া নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল।