প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলাবোধ বৃদ্ধির লক্ষ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্টকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই উদ্যোগের কথা জানান।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত র‍্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা অর্জনে সহায়তা করে। একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।"

বাংলাদেশের তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক, সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, "তারা যেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে।"

সরকার এই উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বস্ত করেন। নিজের কারাতে চর্চার অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, "১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণ শুরু করার মধ্য দিয়ে আমার এই যাত্রা শুরু হয়। সেই সময়ের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব এবং বিভিন্ন ব্রেকিং ও কারাতে প্রদর্শনীর স্মৃতি আজও আমাকে অনুপ্রাণিত করে।"

শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং আত্মরক্ষার সক্ষমতা তৈরিতে মার্শাল আর্টের ভূমিকা অপরিসীম বলে মনে করেন তিনি। তার মতে, এর মাধ্যমেই একটি দক্ষ, মানবিক ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী ব্ল্যাকবেল্ট অর্জনকারী কারাতেকাদের মাঝে ব্ল্যাকবেল্ট প্রদান করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।