বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার অনুষ্ঠিত হচ্ছে না। রিহ্যাবের পরিচালনা পর্ষদের একাংশের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এক মাসের জন্য এজিএম স্থগিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর আবেদন করেন। ওই আবেদনে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ তোলা হয়। এর মধ্যে উল্লেখ করা হয়, ২২ জুলাই পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া সংগঠনের তহবিল থেকে সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক যৌথ স্বাক্ষরে দুই কোটি টাকা উত্তোলন করেন।
অভিযোগের মধ্যে আরও বলা হয়, গত তিন মাসে তহবিল থেকে ৫০ লাখ টাকা ব্যয় হলেও পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদন নেওয়া হয়নি। সংগঠনের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের সুযোগ না দিয়ে নিজেদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীকে স্ট্যান্ডিং কমিটিতে নিয়োগ দেওয়ারও অভিযোগ রয়েছে। কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুত, রিহ্যাব কার্যালয়ের গোপন তথ্য ফাঁস, ক্রয়সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বাতিলসহ আরও কয়েকটি অভিযোগ উল্লেখ করা হয়েছে।
জানা যায়, রিহ্যাবের পর্ষদের একাংশের অভিযোগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার গতকাল শুনানি করেন। ওই সময় রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি (অর্থ) মো. হারুন অর রশীদ উপস্থিত ছিলেন। অভিযোগকারী ব্যক্তিদের মধ্যে সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাস, পরিচালক মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, মো. শাহ আলম, উম্মে জাহান, তাসনুভা মাহবুব সালাম প্রমুখও উপস্থিত ছিলেন। শুনানিতে যুগ্ম সচিব রিহ্যাব সভাপতিকে ১৫ দিনের মধ্যে অভিযোগকারী ব্যক্তিদের সঙ্গে আলাপ–আলোচনা করার পরামর্শ দেন।
শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায়, রিহ্যাব থেকে পাওয়া অভিযোগের বিষয়ে ৩০ জুলাই (গতকাল বৃহস্পতিবার) শুনানি অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় বলেছে, শুনানিতে বিস্তারিত আলোচনা, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং প্রাপ্ত তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগের বিষয়ে পর্যবেক্ষণ সময়সাপেক্ষ হওয়ায় বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর গতকালই রিহ্যাবের সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক এজিএম স্থগিত করার নির্দেশনা জারি করেন। কাল শনিবার (১ আগস্ট) ঢাকার হোটেল রেডিসন ব্লুতে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএম স্থগিত হওয়ায় আগামী ১২ থেকে ১৫ আগস্ট ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন আবাসন মেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে রিহ্যাবের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিহ্যাব পরিচালক মো. শাহ আলম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা চাই সদস্যদের স্বার্থে গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে রিহ্যাব পরিচালিত হোক। বেশ কিছু ক্ষেত্রে সেটি না হওয়ার কারণে মূলত আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে যেতে বাধ্য হয়েছি।’