এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চিংফেং ঝাং। আজ ঢাকায় তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করেন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চিংফেং ঝাং বাংলাদেশে এডিবির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে তিনি দিকনির্দেশনা প্রদান করবেন।

দায়িত্ব গ্রহণের পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চিংফেং ঝাং বলেন, "গত কয়েক দশকে বাংলাদেশ সফলভাবে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা জোরদার করা, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ।"

টেকসই উন্নয়নের ক্ষেত্রে চিংফেং ঝাংয়ের ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ২০ বছরেরও বেশি সময় তিনি এডিবিতে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনে কৃষি, খাদ্যব্যবস্থা, পানিসম্পদ, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়ন খাতে রূপান্তরমূলক কর্মসূচি ও কৌশলগত উদ্যোগে তিনি নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি সরকার, উন্নয়ন প্রতিষ্ঠান, শিক্ষা বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বর্তমান নিয়োগের আগে চিংফেং ঝাং এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীনের নাগরিক এই বিশেষজ্ঞ সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে পিএইচডি, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিশেষায়িত পেশাগত শিক্ষা গ্রহণ করেছেন।