ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত সাড়ে চার মাসে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৬৬ শিশুর মৃত্যু হলো। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে ৯০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন ও শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. ওমর ফারুক জানান, গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার বনুয়াপাড়া থেকে তিন মাস বয়সী এক শিশুকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও সেপটিক শকে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ৩০ জুলাই সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ১০৩ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ২ হাজার ৯৪৭ জন শিশু ছাড়পত্র পেয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।