২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, "২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই।"

তবে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২০ জুলাই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। প্রস্তুতির কাজ শেষ না হওয়ায় তারিখটি পিছিয়ে যায়। এ প্রসঙ্গে গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে জানিয়েছিলেন, "২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না।"

তিনি আরও উল্লেখ করেছিলেন যে, জুলাই মাসের মধ্যেই ফলাফল প্রকাশের জন্য তাঁরা প্রস্তুত আছেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলে। এরপর ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।