সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করা এবং এ বিষয়ে আধুনিক জ্ঞান অর্জনের লক্ষ্যে দেশের সকল অধিভুক্ত কলেজে ‘সাইবার সিকিউরিটি ক্লাব’ গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। আজ রোববার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত সাইবার সিকিউরিটিবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একই অনুষ্ঠানে তিনি লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধন করেন।
সেমিনারে উপাচার্য আমানুল্লাহ বলেন, "বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বহুমাত্রিক রূপ ধারণ করেছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক জালিয়াতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার সচেতনতার প্রয়োজনীয়তাও তত বেশি গুরুত্ব পাচ্ছে।"
প্রযুক্তির নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য আরও বলেন, "একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন তার নাগরিকেরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হন। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সচেতনতার অভাবেই অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন।"
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম সচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম।