দেশের ইস্পাতশিল্পে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করল আবুল খায়ের স্টিল (একেএস)। এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের 'মোস্ট স্টিল রিবারস প্রডিউসড ইন ওয়ান মিনিট' শিরোপা অর্জন করেছে।
কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে একেএস এক মিনিটে ৫২টি স্টিল রিবার উৎপাদন করে এই রেকর্ড গড়েছে। প্রতিটি রিবারের দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। আধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল, উৎপাদন ব্যবস্থাপনা এবং বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিলের সমন্বয়ে এই অনন্য সাফল্য অর্জিত হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
একেএস-এর মতে, এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের ইস্পাতশিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন দক্ষতা ও আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থাপনা বিশ্বজুড়ে নতুন স্বীকৃতি পেল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থার মূল ভিত্তি হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি, যার মাধ্যমে শতভাগ পরিশোধিত ইস্পাত উৎপাদন করা হয়।
এই সাফল্য প্রসঙ্গে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান মোমিন বলেন, "এই বিশ্বরেকর্ড শুধু একেএসের জন্য নয়, বাংলাদেশের উৎপাদন শিল্পের সক্ষমতা ও সম্ভাবনারও আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ জনবল ও উৎকর্ষের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ মানের ইস্পাত উৎপাদনে কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।"
উৎপাদনের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেছে একেএস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের উৎপাদন প্রক্রিয়ায় পানি নিঃসরণ করা হয় না এবং ব্যবহৃত পানি পরিশোধন করে পুনর্ব্যবহার করা হয়। এছাড়া সৌরশক্তির ব্যবহার, আধুনিক ধোঁয়া পরিশোধন ব্যবস্থা, উপকরণের পুনর্ব্যবহার এবং নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।
একেএস আরও জানায়, দেশের আবাসন, শিল্প ও বৃহৎ অবকাঠামো নির্মাণে দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্য ইস্পাত সরবরাহের মাধ্যমে তারা আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে আসছে।