ফ্যাসিবাদের পতনের পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেছন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, অবশেষে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলেন। ফ্যাসিবাদের পতনের পরই তার পদত্যাগ প্রত্যাশিত ছিল। কিন্তু রাজনীতির নানা অন্তস্রোতের কারণে এত দিন তিনি বঙ্গভবনে অস্বস্তির কারণ হয়ে টিকে ছিলেন। তার পদত্যাগকে স্বাগত জানাই।

রাষ্ট্রপতি দেশের মর্যাদার পদক্রমের শীর্ষে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু সাংবিধানিক কারণে আক্ষরিক অর্থেই রাষ্ট্রপতি নখদন্তহীন। এটা ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার বিষয়ে জোরালো আলোচনা হয়েছে, যার কিছুটা প্রতিফলন জুলাই জাতীয় সনদেও হয়েছে। আশা করব, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবে।