আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় গণিতভিত্তিক বিশেষ আয়োজন ‘দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল ২০২৬’। ডুয়েটের গণিত বিভাগ এবং ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে গণিতের প্রতি অনুরাগ তৈরি, যৌক্তিক ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির বিকাশ এবং গবেষণামুখী শিক্ষার প্রসারের লক্ষ্যেই এই জাতীয় কার্নিভ্যালের পরিকল্পনা। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষার প্রসার ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী এবং দুই শতাধিক শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করবেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক সিরাজুল হক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আরেফিন কাউছার, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর। এছাড়া ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ), বিজ্ঞান অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, করপোরেট প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ হবে মূল প্রবন্ধ উপস্থাপন (কি-নোট স্পিচ)। এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রখ্যাত কম্পিউটারবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ এবং বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক মুক্তকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তাঁদের অনুপ্রেরণামূলক আলোচনা শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি ও সৃজনশীল নেতৃত্বের নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এই আয়োজনের শিরোনাম পৃষ্ঠপোষক (টাইটেল স্পনসর)। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে গাজীপুর জেলা প্রশাসন এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। সহযোগী অংশীদার (অ্যাসোসিয়েট পার্টনার) হিসেবে যুক্ত রয়েছে দৈনিক মুক্তকণ্ঠ। এছাড়া ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন। পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরা এই আয়োজনে সহযোগিতা করছেন।

দিনব্যাপী এই কার্নিভ্যালে স্কুল, ইন্টারমিডিয়েট এবং বিশ্ববিদ্যালয়—এই তিন ক্যাটাগরিতে মোট ছয়টি প্রতিযোগিতা হবে। এর মধ্যে রয়েছে গণিত অলিম্পিয়াড, ম্যাথ গেম, গণিতবিষয়ক প্রবন্ধ রচনা এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় নগদ পুরস্কার, ক্রেস্ট ও সনদ। এছাড়া নিবন্ধিত সকল অংশগ্রহণকারী ইভেন্ট টি-শার্ট, সনদ, ইভেন্ট কিট এবং সকাল ও মধ্যাহ্নভোজ পাবেন।

অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অডিটোরিয়াম মাঠে নিবন্ধন চলবে। সকাল ৯টা থেকে ৯:৩০টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান এবং সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও ইন্টারমিডিয়েট পর্যায়ের প্রতিযোগিতা হবে টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে এবং স্কুল পর্যায়ের প্রতিযোগিতা হবে ডুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুলে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অডিটোরিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন, অডিটোরিয়াম মাঠে পোস্টার উপস্থাপনা এবং ডুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুলে স্কুল পর্যায়ের ম্যাথ গেম চলবে। সবশেষে বেলা ২টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।