ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহ-তাআলার দরবারে প্রার্থনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। তাঁর সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বর্তমানে ধর্মমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেমগণ।
দোয়া মাহফিলে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, "ধর্মমন্ত্রী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ একজন দ্বীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। মহান আল্লাহ–তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।"
অন্যদিকে, বৃহস্পতিবার বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অনুষ্ঠানে সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ উপস্থিত ছিলেন।
একই দিনে জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরাবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়ায় মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লা আশরাফুল উলুম মাদ্রাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী পৃথকভাবে দোয়া পরিচালনা করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদি জনতা এবং সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রী আলহাজ শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের আশু রোগমুক্তির জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।