ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় (নিট) প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন দেশটির সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানিয়েছেন ছয়বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সানিয়া শিক্ষার্থীদের ভারতের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেন। নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বছরের পর বছর প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে যে অনিশ্চয়তা ও হতাশার মধ্য দিয়ে গেছেন, তাতে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
সানিয়া লিখেছেন, ‘আমাদের দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের যৌক্তিক উদ্বেগের প্রতি সংহতি প্রকাশ করছি। নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীরা বছরের পর বছর প্রস্তুতি নেয়। বিশেষ করে গত কয়েক দিনে তারা যা সহ্য করেছে, তাতে আমার হৃদয় তাদের জন্য ব্যথিত।’
ভারতের সাবেক এই টেনিস তারকার মতে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর শোনা এবং তাদের পরিশ্রমকে সম্মান করা প্রয়োজন। যে কারণে তারা ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে, সেটির সমাধান করে শিক্ষাব্যবস্থায় যথাযথ সংস্কার আনতে হবে।
তিনি বলেন, ‘তাদের কথা শোনা এবং তাদের প্রচেষ্টাকে সম্মান করা উচিত। তাদের হতাশার কারণগুলো সমাধান করতে হবে এবং ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।’
তবে আন্দোলন ঘিরে সহিংসতার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন সানিয়া। সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি, যা ভারতের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।
View this post on Instagram A post shared by Sania Mirza (@mirzasaniar)
A post shared by Sania Mirza (@mirzasaniar)
সানিয়া লিখেছেন, ‘আমাদের সমাজে হিংসার কোনো জায়গা নেই। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত করে এমন একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান বের করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
উল্লেখ্য নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ধারাবাহিক পরীক্ষাগত অনিয়মের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনটি আরও বিস্তৃত হয় এবং ক্রীড়া ও বিনোদনজগতের একাধিক তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান।