নিট পরীক্ষায় অনিয়ম ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে দিয়ে গতকাল সোমবার (২০ জুলাই) ভারতের দিল্লি ও মুম্বাইয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সহিংসতার অভিযোগ ও আটকের খবরে রাজ্যজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অংশ নেওয়া অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদকে আটক করে পুলিশ।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে স্বরা জানান, মুম্বাইয়ের দাদারের চৈত্যভূমি এলাকায় বিক্ষোভ চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। ভিডিওতে ফাহাদকে বলতে শোনা যায়, ‘আমাকে কেন গ্রেপ্তার করছেন?’ তিনি আরও দাবি করেন, তাঁসহ অন্য কয়েকজন বিক্ষোভকারীকে মাহিম থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি লেখেন, ‘এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক’। সমর্থকদের শান্তিপূর্ণভাবে চৈত্যভূমিতে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, চৈত্যভূমিতে জড়ো হওয়া কয়েকজনকে পুলিশ আটক করে। অভিযানে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আটক বা আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
একই দিনে দিল্লিতে ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ কর্মসূচিতে নিট পরীক্ষায় অনিয়মের তদন্ত ও শিক্ষা সংস্কারের দাবিতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।
ককরোচ জনতা পার্টির আন্দোলন ও পুলিশের পদক্ষেপ নিয়ে বলিউডের কয়েকজন তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী ভূমি পেডনেকর বলেন, ‘সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়।’ অন্যদিকে, হুমা কুরেশি ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের প্রশ্ন তুলে তিনি সরকারের প্রতি আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুমা লেখেন, ‘আজকের দৃশ্যগুলো অনেক দিন আমার মনে থাকবে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন কঠোর শক্তি প্রয়োগ ও লাঠিপেটার ঘটনা দেখে আমি গভীরভাবে দুঃখ পেয়েছি। এই পরিস্থিতি আরও বেশি ধৈর্য, আরও বেশি মনোযোগ দিয়ে শোনা এবং আরও বেশি আলোচনার মাধ্যমে সামলানো যেত।’
হুমা কুরেশি আরও লেখেন, ‘আমরা ভারতের জনগণ এই সরকারকে নির্বাচিত করেছি। তাই আজ আমাদের সবারই প্রশ্ন করার ও জবাবদিহি প্রত্যাশা করার অধিকার রয়েছে। আমরা একটি বিশাল ও বৈচিত্র্যময় দেশ। সব বিষয়ে আমাদের সবার মত এক হতে হবে না। তবে আমরা নিশ্চয়ই একমত হতে পারি যে, কোনো নাগরিকের বিরুদ্ধে বলপ্রয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথা মর্যাদার সঙ্গে শোনা উচিত।’
এ ছাড়া শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, নন্দিতা দাস ও দিলজিৎ দোসাঞ্জ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। ইন্ডিয়া টুডে অবলম্বনে এই প্রতিবেদন।