বাংলাদেশের মানুষ অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করে মানুষ অন্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে।

সোমবার (২০ জুলাই) পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত এক পথসভায় এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে আখতার হোসেন বলেন, বাংলাদেশে ৫ তারিখ থেকে ৮ তারিখ কোনো সরকার ছিল না। এই সময়টাকে আপনি সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করবেন। বাংলাদেশে অর্ন্তবর্তী সরকার করার কোনো বিধান ছিল না সংবিধানে, কোন সংবিধানের বলে আপনি সেটাকে ব্যাখায় নিয়ে আসবেন। বরং সত্য কথা হলো, বাংলাদেশে ৫ আগস্টের পরে বিদ্যমান সংবিধানের খুবই অল্প জায়গা কার্যকর ছিল।

তিনি বলেন, আমরা সংশোধনের মধ্যে দিয়ে নয়, সংবিধান সংস্কারের মধ্যে দিয়ে এক নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম। আমাদের সেই পদযাত্রায় একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এতগুলো মানুষ যখন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, সেই গণভোটটাকে খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ তা ভুলে যাবে না।

বোদা উপজেলা এনসিপির সদস্য সচিব শিশির আসাদের সভাপতিত্বে সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এত কষ্ট করে আবু সাঈদ রক্ত দিয়েছে। আমরা মনে করেছিলাম, গত ৫ মাসে সব ঠিক হয়ে যাবে। যে মানুষগুলো ১৭ বছর এত নিপীড়িত ছিল, এ মানুষগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশটা আমরা ঠিক করব। সেই জায়গায় আমাদেরকে একটা কাজ করতে হবে।

তিনি বলেন, সরকার দিচ্ছে প্রবাসী কার্ড, কৃষক কার্ড, আরও অসংখ্য কার্ড চালু করেছে। সেই কার্ডগুলো যে ব্যক্তিদের দেওয়া হচ্ছে তার ভিত্তি হলো, ছাত্রদল করতে হবে, যুবদল করতে হবে, বিএনপি করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদেরও তো একটা কার্ড চালু করতে হবে। সেই সম্মিলিত কার্ডের নাম দেব জুলাইয়ের গাদ্দার কার্ড। এই কার্ডের কয়েকটা শাখা-প্রশাখা কার্ড হবে। একটা কার্ড হবে সন্ত্রাসী কার্ড, সেটা যুবদলকে দিতে চাই। একটা দেব টেন্ডারবাজ, চাঁদাবাজি কার্ড, সেটা দেব ছাত্রদলকে। আরেকটা কার্ড করব ভারতীয় গাদ্দার কার্ড, সেটা দেব বিএনপিকে।