যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের পর তিনি বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে তিনি কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে।
আজ সোমবার স্থানীয় সময় দুপুরে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন। দুপুর ১২টার দিকে তিনি প্যালেস ত্যাগ করেন। স্টারমারের বিদায়ের পর অ্যান্ডি বার্নহ্যাম বাকিংহাম প্যালেসে পৌঁছালে রাজা তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানান। এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাকিংহাম প্যালেস থেকে বেরিয়ে বার্নহ্যাম ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তব্যে কিয়ার স্টারমার তাঁর উত্তরসূরি বার্নহ্যামের সফলতা কামনা করে বলেন, ‘আমি সৌজন্যের সঙ্গে, হাসিমুখে এবং আমাদের অর্জন নিয়ে গর্বিত অবস্থায় বিদায় নিচ্ছি।’
এদিকে ডাউনিং স্ট্রিটে নতুন সরকারের প্রস্তুতি শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, বার্নহ্যামের প্রথম ভাষণ শোনার জন্য সেখানে তাঁর সমর্থকেরা জড়ো হয়েছেন। নতুন মন্ত্রিসভায় বিদায়ী সরকারের কতজন সদস্য স্থান পাবেন, তা নিয়ে আলোচনা চলছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সেখানে বার্নহ্যামের গ্রেটার ম্যানচেস্টারের চিফ অব স্টাফ কেভিন লি–কেও দেখা গেছে।
ডাউনিং স্ট্রিটে ভাষণ দেওয়ার পর বার্নহ্যাম নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন। ইতিমধ্যে বিদায়ী সরকারের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং পর্যায়ক্রমে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে।
ব্রেক্সিট-পরবর্তী এক দশকে এটি যুক্তরাজ্যের অন্যতম বড় রাজনৈতিক পরিবর্তন। অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে গত চার বছরে তিনি দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হলেন। বর্তমানে ডাউনিং স্ট্রিটে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা চলছে এবং নতুন সরকারের পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।