যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ৩০ বছর বা তার বেশি বয়সী সক্রিয় ও রিজার্ভ সেনাসদস্যদের জন্য বার্ষিক টেস্টোস্টেরন-ঘাটতি পরীক্ষার নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহে দেওয়া এই নির্দেশের পেছনে তাঁর যুক্তি, এটি সামরিক বাহিনীর প্রস্তুতি বজায় রাখতে সহায়ক হবে। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে চিকিৎসাবিশেষজ্ঞদের মধ্যে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে যুদ্ধ-প্রস্তুতির তেমন কোনো দৃশ্যমান উন্নতি না-ও হতে পারে। বরং যথাযথ কারণ ছাড়া টেস্টোস্টেরন প্রয়োগ করা হলে সেনাসদস্যদের বন্ধ্যত্বসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি বা ক্ষতিকর পরিণতির সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার কর্মকর্তাদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সাম্প্রতিক নীতি পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
এর আগে পিট হেগসেথ সামরিক বাহিনীর দীর্ঘদিনের ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) টিকার বাধ্যবাধকতার নিয়ম বাতিল করেছিলেন, যদিও পরবর্তীতে একটি ফ্লু প্রাদুর্ভাবের পর তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ তাদের টিকাবিষয়ক উপদেষ্টা প্যানেল থেকে ১৭ সদস্যকে অপসারণ করে টিকার সুপারিশমালায় পরিবর্তন এনেছে।
বার্তা সংস্থা রয়টার্স পুরুষদের স্বাস্থ্যবিষয়ক ছয় বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের মধ্যে পাঁচজন এই ঘোষণায় বিস্ময় প্রকাশ করেন। তাঁদের মতে, এই পদক্ষেপটি অপ্রয়োজনীয় এবং এর ফলে সেনাসদস্যরা ক্ষতিকর চিকিৎসার দিকে ধাবিত হতে পারেন।
বিষয়টি নিয়ে পিট হেগসেথ জানান, পরীক্ষার পাশাপাশি সেনাসদস্যদের চিকিৎসার ব্যাপারে পরামর্শ দেওয়া হবে, তবে চিকিৎসা গ্রহণ করা সম্পূর্ণভাবে তাঁদের নিজস্ব ইচ্ছার ওপর নির্ভর করবে। তিনি আরও বলেন, "সেনারা যাতে তাঁদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করতে পারেন, সে জন্য সঠিক মাত্রায় টেস্টোস্টেরন থাকাটা নিশ্চিত করা এবং তাঁদের বৈরী পরিস্থিতি সামলে নেওয়ার সক্ষমতা, দীর্ঘায়ু ও কর্মদক্ষতা বৃদ্ধি করা এই পরিকল্পনার লক্ষ্য। এগুলোর মধ্য দিয়ে সামরিক বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হবে।"
তবে রয়টার্সের সঙ্গে কথা বলা ছয় চিকিৎসকের মধ্যে চারজন মনে করেন, ৩০ বছর বা তার বেশি বয়সী সব সেনাসদস্যের টেস্টোস্টেরন পরীক্ষা করলে যুদ্ধ-প্রস্তুতি আরও উন্নত বা কার্যকর হবে—এমন কোনো সুস্পষ্ট তথ্য-প্রমাণ নেই।
টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট সরবরাহকারী টেলিহেলথ প্ল্যাটফর্ম ‘রুগিয়েট’-এর মেডিক্যাল উপদেষ্টা বোর্ডের ইউরোলজিস্ট কেভিন ম্যাকভেরি বলেন, “আমরা রোগীদের কাছ থেকে শুনি, যখন আপনি লো-টির (টেস্টোস্টেরন কমে যাওয়া) চিকিৎসা করেন, তখন মস্তিষ্কের সাড়া প্রদান এবং শারীরিক ও মানসিক শক্তিমত্তার (স্ট্যামিনা) মতো বিষয়গুলোর উন্নতি ঘটে। তবে প্রমাণগুলো অকাট্য নয় এবং এটি কেবল সেই সব রোগীর কাছ থেকে জানা গেছে, যাঁদের শরীরে স্পষ্ট উপসর্গ থাকার কারণে চিকিৎসা দেওয়া হয়েছিল।”
এই পুরো বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।