নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক গুস্তাভ ল্য ক্লেজিওর গল্পগ্রন্থ ‘যে কখনো সমুদ্র দেখেনি’–এর বাংলা অনুবাদের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মূল ফরাসি ভাষা থেকে বইটি অনুবাদ করেছেন নূরুল আলম এবং প্রকাশ করেছে বেঙ্গলবুকস। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে লেখক, কবি ও সাহিত্য সমালোচকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নূরুল আলমের অনুবাদের সাবলীলতা, বিশ্বস্ততা এবং সাহিত্যের সৌন্দর্য বজায় রাখার প্রশংসা করেন। লেখক সাদাত সায়েম, কথাসাহিত্যিক ও অনুবাদক দিলওয়ার হাসান, অনুবাদক মঈন উদ্দীন আহমদ এবং কথাসাহিত্যিক দীপু মাহমুদ বইটির সাহিত্যমান নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। তাঁদের মতে, বইয়ের গল্পগুলোতে শিশু, প্রকৃতি, মানবিকতা ও দর্শনের নানা দিক গভীরভাবে ফুটে উঠেছে।

অনুবাদক নূরুল আলম তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “ফরাসি ভাষা শেখার পর সাহিত্য অনুবাদের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। বইটির নামগল্প অনুবাদ করতেই সাত থেকে আট মাস সময় লেগেছিল। পরে আনি এর্নোর একটি বই অনুবাদের কাজের কারণে এ প্রকল্প কিছুদিন পিছিয়ে যায়।”

বেঙ্গলবুকসের মহাব্যবস্থাপক ও প্রকল্পপ্রধান আজহার ফরহাদ অনুষ্ঠানে বলেন, “বইটিকে ত্রুটিমুক্ত ও মানসম্মত করতে দীর্ঘ সময় ধরে সম্পাদনা করা হয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন রোকসানা কাজল, মাহমুদুল হক আরিফ, আবদুল্লাহ আমান ও নীহার মোশাররফ। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন তৌহিদ ইমাম।