দেশের পেশাজীবী ও করপোরেট অঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত সংস্থা ‘মাইএআই’ গতকাল শুক্রবার (১৮ জুলাই ২০২৬) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে দ্বিতীয়বারের মতো ‘এআই মাস্টারি সামিট’ আয়োজন করেছে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘লিডিং বাংলাদেশ’স এআই ফিউচার’ ব্যানারে আয়োজিত এই সামিটে করপোরেট, ব্যাংকিং, গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও সরকারি সেবা খাতের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ অংশ নেন। এতে পরিলক্ষিত হয় যে, এআই নেতৃত্ব নিয়ে জাতীয় পর্যায়ের আলোচনা এখন কেবল করপোরেট বোর্ড রুমের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং আরও বিস্তৃত হয়েছে।
গত জুনে অনুষ্ঠিত প্রথম সামিটে ব্যাংক, এফএমসিজি, ওষুধ, বিমা ও পোশাকশিল্প খাতের শতাধিক জ্যেষ্ঠ করপোরেট নেতা অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের এই আয়োজনেও শতাধিক জ্যেষ্ঠ পেশাজীবীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়, তবে এবারের পরিধি ছিল আরও ব্যাপক। দেশের বৃহত্তম চাকরির প্ল্যাটফর্ম, বেসরকারি ব্যাংকিং, জাতীয় সংবাদমাধ্যম ও স্বাস্থ্যসেবা খাতের নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারাও একই মঞ্চে একত্রিত হন।
সামিটে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল উর রহমান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), দ্য সিটি ব্যাংকের ব্যাংকার এবং লিডার্স ফোরাম বিডির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট খন্দকার কবির, মুক্তকণ্ঠ ডিজিটালের চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান পিয়াস, বাংলাদেশ পুলিশের ডিআইজি (পিআরএল) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার) এবং ক্লিনিক্যাল ও ইবিসিপি প্র্যাকটিশনার অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান।
এই সামিটটি মূলত ‘এআইপিএস’ (এআই ফর প্রফেশনাল সাকসেস) কর্মসূচির একটি সশরীর আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান এবং আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরামর্শক মার্ক অনুপম মল্লিকের নেতৃত্বে পরিচালিত এই দুই মাসব্যাপী এআই সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে এর আগের অনলাইন সেশনে এক হাজারেরও বেশি পেশাজীবী যুক্ত হয়েছিলেন। এছাড়া শতাধিক জ্যেষ্ঠ করপোরেট পেশাজীবী এই দুই মাসের ট্র্যাক সফলভাবে সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানে মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক বলেন, ‘প্রথম সামিট দেখিয়েছে, করপোরেট বাংলাদেশ এআই দিয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। আর আজকের এই কক্ষ বলছে, আলোচনা এখন কোনো একটি খাতের সীমা ছাড়িয়ে গেছে। যাঁরা আমাদের ব্যাংক, সংবাদমাধ্যম, হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানের দিকনির্দেশনা দেন, তাঁরা যখন একসঙ্গে বসে ভাবেন এআই তাঁদের কাজ কীভাবে বদলে দিচ্ছে, তখনই একটি দেশ এর জন্য প্রস্তুত হয়।’
অন্যদিকে, মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও আইবিএর সহযোগী অধ্যাপক সাইফ নোমান খান বলেন, ‘এআই এখনো প্রাথমিক পর্যায়ে, তবে দ্রুত পরিণত হচ্ছে। যাঁরা খাপ খাইয়ে নিচ্ছেন, আর যাঁরা অপেক্ষা করছেন, তাঁদের মধ্যকার দূরত্ব প্রতি মাসেই বাড়ছে। আমাদের লক্ষ্য বাংলাদেশে এআই দক্ষতাকে বিশেষজ্ঞদের বিষয় হিসেবে নয়, একজন পেশাজীবীর সাধারণ দক্ষতা হিসেবে প্রতিষ্ঠিত করা।’
উল্লেখ্য, সাইফ নোমান খান ও মার্ক অনুপম মল্লিকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত মাইএআই একটি বাংলাদেশভিত্তিক সংস্থা, যার মূল লক্ষ্য দেশের পেশাজীবী ও করপোরেট অঙ্গনে এআই দক্ষতা গড়ে তোলা। এই সংস্থার পরিচালিত দুই মাসব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মসূচি ‘এআইপিএস’-এর প্রধান সশরীর আয়োজন হলো ‘এআই মাস্টারি সামিট’। এছাড়া মার্ক অনুপম মল্লিকের নেতৃত্বে পরিচালিত আইডিয়ান কনসালটিং ঢাকাভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা কৌশল, এআই প্রশিক্ষণ ও থট লিডারশিপ নিয়ে কাজ করে।