বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্ণ হওয়া উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

এ বিষয়ে প্রেস সচিব সালেহ শিবলী মুক্তকণ্ঠকে বলেন, "নির্বাচনী ইশতেহার ধরে ধরে যে তা বাস্তবায়ন করা যায়, বিএনপি তাতে নজির স্থাপন করেছে। গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রগতি তুলে ধরা হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "জনগণকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে মানুষকে জানানো সরকারের দায়িত্ব। এ জন্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।"

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র অনুযায়ী, এবারের সংবাদ সম্মেলনে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তা মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, সেই সংক্রান্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচিত হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে সরকার। সেই ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।