দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। বর্তমানে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটি সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঞ্চালিত ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাঁদের সম্পর্কের শুরুর কথা শেয়ার করেন। সেখানে জানা যায়, সম্পর্কের শুরুতে তাঁরা বিষয়টি গোপন রাখলেও তা আগেই ধরে ফেলেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান।
সালমান খানের আয়োজিত একটি পার্টিতেই সোনাক্ষী ও জহিরের প্রথম পরিচয় হয় এবং ২০১৭ সালে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয়ে জহির ইকবাল বলেন, ‘আমরা বলার আগেই সালমান ভাই সব বুঝে গিয়েছিলেন। তিনি আমাদের একসঙ্গে দেখেছিলেন।’
সোনাক্ষী জানান, সালমান যখনই তাঁদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করতেন, তাঁরা সবসময়ই বলতেন, ‘এমন কিছু নয়।’ তবে সালমান তাঁদের এই কথা বিশ্বাস করেননি। অনুষ্ঠানে অভিনেত্রী আরও জানান, একদিন সালমান মজা করে তাঁকে বলেছিলেন, ‘একদিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে, আর ও (জহির) কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না।’
সালমানের এই মন্তব্যে সোনাক্ষী ও জহির উভয়েই অবাক হয়ে যান এবং বুঝতে পারেন যে সালমান তাঁদের সম্পর্কের বিষয়টি পুরোপুরি জেনে গেছেন। সোনাক্ষী আরও উল্লেখ করেন, একটি ট্রেকিং ভ্রমণের সময় সালমান জহিরের কাছে গিয়ে শুধু বলেছিলেন, ‘সবই দেখছি।’ এরপরই তাঁরা উপলব্ধি করেন যে তাঁদের সম্পর্কটি আর গোপন রাখা সম্ভব নয়।
কয়েক বছর সম্পর্ক গোপন রাখার পর ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন সোনাক্ষী ও জহির। পরবর্তীতে ২০২৪ সালের জুনে মুম্বাইয়ে সোনাক্ষীর বাসভবনে বিশেষ বিবাহ আইনে নিবন্ধনের মাধ্যমে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ের আনন্দ উদ্যাপন করেন এই দম্পতি।