মাঠে ফুটবলারদের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গিয়েছিল ভবিষ্যদ্বাণীর এক অদ্ভুত প্রতিযোগিতা। কেউ গণিতের জটিল সমীকরণ ব্যবহার করেছেন, কেউ জ্যোতিষশাস্ত্রের খাতা খুলেছেন, আবার কেউ বিড়াল, এলিয়েন কিংবা টাইম ট্রাভেলের গল্প শুনিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়ার চেষ্টা করেছেন। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে, একের পর এক ভুল প্রমাণিত হয়েছে এসব দাবি। মাঠের ভেতরের খেলার চেয়ে মাঠের বাইরের এই ‘ভবিষ্যদ্বক্তাদের’ ব্যর্থতাই এখন ফুটবলপ্রেমিকদের কাছে বড় বিনোদনে পরিণত হয়েছে।
গণিতের হিসাব কষে জার্মান অর্থনীতিবিদ ইয়োয়াখিম ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ব্রাজিল জাপানের কাছে হারবে এবং ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন; ব্রাজিল জাপানকে পরাজিত করে এবং নেদারল্যান্ডস নকআউটের প্রথম ম্যাচেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। পরবর্তীতে নেইমারের ট্রলের মুখে পড়ে তাঁর এই তত্ত্ব পুরোপুরি মুখ থুবড়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ‘দ্য সিম্পসনস’-এর মাধ্যমে একটি দাবি ছড়িয়েছিল যে, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে মেক্সিকো ও পর্তুগাল। তবে বাস্তবে দুই দলই আগেই ছিটকে পড়ায় বিষয়টি গুজব হিসেবে প্রমাণিত হয়। অন্যদিকে, এক জ্যোতিষী দাবি করেছিলেন ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ চলাকালে ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) নেমে খেলোয়াড়দের অপহরণ করবে। কিন্তু ম্যাচটি স্বাভাবিকভাবেই শেষ হয় এবং ব্রাজিল জয়লাভ করে, যার ফলে এলিয়েনের সেই দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।
২০১০ সালের অক্টোপাস পলের কথা মনে করিয়ে দিয়ে ‘মিলু’ নামের এক বিড়াল ভবিষ্যদ্বাণী করেছিল যে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল নরওয়েকে হারাবে। কিন্তু উল্টো শেষ ষোলোর ম্যাচেই নরওয়ে জয়লাভ করে। এছাড়া রকস্টার মিক জ্যাগারের ‘অপয়া’ তকমা আবারও আলোচনায় এসেছে। ইংল্যান্ডকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত থাকা জ্যাগারের উপস্থিতিতে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড। পাশাপাশি ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম দাবি করেছিলেন, কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনা বিদায় নেবে। বাস্তবে কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনাই এখন ফাইনালের মঞ্চে পৌঁছেছে।
ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর এবার এক্স হ্যান্ডলে এক ব্যক্তি নিজেকে ‘টাইম ট্রাভেলার’ হিসেবে দাবি করেছেন। তিনি দাবি করছেন, ২০২১ সালেই তিনি ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর মতে, ফাইনালে আর্জেন্টিনা ৩–২ গোলে স্পেনকে হারাবে। এই দাবিটি সত্যি হবে নাকি আগের সব দাবির মতো হাস্যরসের খোরাক হবে, তা জানা যাবে আগামী রোববারই।






