বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন এবং আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।

বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২৩ জুলাই পর্যন্ত তাঁর পদে বহাল থাকবেন। তিনি ২০২৩ সালের ২৪ জুলাই থেকে এই দায়িত্ব পালন করে আসছেন।

নৌবাহিনীর একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। নৌবাহিনীর নিজস্ব ব্যাচে (৮৭এ) জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, মিসবাহ উল আজীম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি লাভ করেন। উচ্চশিক্ষার অংশ হিসেবে তিনি ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পাওয়া মিসবাহ উল আজীম শিক্ষাজীবনের অসামান্য সাফল্যের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ লাভ করেন।

দীর্ঘ ও গৌরবময় পেশাগত জীবনে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তি মিশনেও তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।