নতুন রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম জানিয়েছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কিংবা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এড়িয়ে গেলে সাধারণ মানুষই তাদের উপযুক্ত জবাব দেবে।

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শহীদ আবু সাঈদ দিবস: আত্মত্যাগ, অভ্যুত্থান, পরিণতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ূম উল্লেখ করেন, সরকার ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিলেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের দাবি, দিনটিকে সুনির্দিষ্টভাবে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে।

আবু সাঈদের আত্মত্যাগের গুরুত্ব বর্ণনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে বুলেট শেষ হয়ে যেতে পারে, কিন্তু বুলেটের সামনে বুক পেতে দাঁড়ানো মানুষের অভাব কখনো হবে না। আবু সাঈদের আত্মত্যাগ এই শিক্ষা দিয়ে গেছে যে এ দেশে আর কোনো দিন ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। যদি কেউ সেই চেষ্টা করে, তবে তার ভয়াবহ পরিণতি হবে।’

অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, ‘সরকার চায় না মানুষ আবু সাঈদকে মনে রাখুক। তাই আমাদের সবার দায়িত্ব হচ্ছে শহীদ আবু সাঈদ ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সমাজ ও রাষ্ট্র সংস্কারের জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা।’

অন্যদিকে, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার আক্ষেপ করে বলেন, জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা অনেকেই আজ ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। আর এ কারণে আবু সাঈদের আত্মত্যাগ অসম্মানিত হচ্ছে।