শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের মূল্যায়নের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি)। আজ বৃহস্পতিবার সিলেটে জেসিইএসসি ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘প্রাইমারি ইংলিশ টেস্ট’ এবং ‘সেকেন্ডারি ইংলিশ টেস্ট’ চালু করা হয়েছে। এছাড়া এই বিশেষ আয়োজনে জেসিইএসসি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে একটি অফিশিয়াল ‘আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এখন থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই সহজে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা, জেসিইএসসির অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
যৌথ উদ্যোগের গুরুত্ব বর্ণনা করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেন, ‘জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের এই অনন্য অংশীদারত্ব প্রতিষ্ঠানটির প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরাসরি আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়ন পদ্ধতি হাতের নাগালে এনেছে। শৈশব থেকেই ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা গড়ে তোলার মাধ্যমে আমরা আগামী দিনের বিশ্ব নাগরিক তৈরির পথ সুগম করছি। এই যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমি জেসিইএসসির নেতৃত্ববৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
অন্যদিকে, জেসিইএসসির অধ্যক্ষ লে. কর্নেল মো. আরিফুর রহমান, পিএসসি, পিএইচডি, এইসি ব্রিটিশ কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে বেছে নেওয়ার জন্য আমি ব্রিটিশ কাউন্সিলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগকে সফল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই অংশীদারত্ব আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার ভিত্তিকে আরও মজবুত করবে এবং আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।’
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অ্যাকাউন্ট রিলেশনশিপ ম্যানেজার আনিকা বুশরা একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরবর্তীতে একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিল টিমের সঙ্গে মতবিনিময় করেন এবং মূল্যায়ন পরীক্ষাগুলোর দীর্ঘমেয়াদি শিক্ষাগত সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
উভয় প্রতিষ্ঠানের এই অংশীদারিত্ব জেসিইএসসির শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক অঙ্গনে যুক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।