দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের (জিপি) মুনাফায় এসেছে টান। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৯২ কোটি টাকা বা ৬ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত গ্রামীণফোন ১ হাজার ৪২১ কোটি টাকা মুনাফা করেছে, যেখানে গত বছরের একই সময়ে এই অংক ছিল ১ হাজার ৫১৩ কোটি টাকা।

গত সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয় এবং মঙ্গলবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়। পর্ষদের সভায় শেয়ারধারীদের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর ফলে শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। লভ্যাংশ বাবদ মোট ১ হাজার ৪১৮ কোটি টাকা বিতরণ করবে কোম্পানিটি, যা চলতি বছরের প্রথম ছয় মাসের মুনাফার প্রায় সমপরিমাণ।

আর্থিক তথ্যানুসারে, চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের মোট ব্যবসায়িক আয় ৭ হাজার ৭৪০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭ হাজার ৯৩৮ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানির আয় ১৯৮ কোটি টাকা বা প্রায় আড়াই শতাংশ কমেছে। আয়ের এই নিম্নমুখী প্রবণতার পাশাপাশি বেতন-ভাতা, পরিচালন ও সুদসহ অন্যান্য আর্থিক খরচ বৃদ্ধি পাওয়ায় মুনাফায় প্রভাব পড়েছে।

প্রতিবেদনে দেখা যায়, গত বছরের প্রথম ছয় মাসে সুদসহ অন্যান্য আর্থিক খরচ ছিল ২৭৯ কোটি টাকা, যা চলতি বছরের একই সময়ে বেড়ে ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই খাতে খরচ বেড়েছে ৪৬ কোটি টাকা। এছাড়া বেতন-ভাতা বাবদ খরচ ২০ কোটি টাকা এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে খরচ বেড়েছে ১৬ কোটি টাকা। এসব কারণে মুনাফার পরিমাণ গত বছরের তুলনায় ৯২ কোটি টাকা কমেছে।

ঘোষিত ১ হাজার ৪১৮ কোটি টাকা লভ্যাংশের সিংহভাগ অর্থাৎ ১ হাজার ২৭৬ কোটি টাকা পাবেন কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকেরা, যেহেতু ৯০ শতাংশ শেয়ার তাদের হাতে রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাবেন ৯৬ কোটি টাকা, যাদের হাতে জুন শেষে ছিল পৌনে ৭ শতাংশ শেয়ার। এছাড়া ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ৪১ কোটি টাকা (শেয়ারের পরিমাণ প্রায় ৩ শতাংশ) এবং বিদেশি বিনিয়োগকারীরা পাবেন ৫ কোটি টাকা।

গ্রামীণফোন জানিয়েছে, আগামী ১২ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে এবং যাঁদের হাতে ১২ আগস্ট শেয়ার থাকবে, তাঁরাই এই লভ্যাংশ পাবেন।