ফেসবুকে ছড়িয়ে পড়া ‘কনসার্টের মঞ্চকে বিদায় জানিয়েছেন ওয়ারফেজের ইব্রাহিম আহমেদ কমল’ শীর্ষক খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন ওই গিটারিস্ট। কানের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে তিনি সাময়িকভাবে বিশ্রামে যাচ্ছেন, তবে অবসর নিচ্ছেন না। বিশ্রাম শেষে তিনি পুনরায় মঞ্চে ফিরে আসবেন বলে নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে মুক্তকণ্ঠকে কমল বলেন, ‘ফেসবুকে গুজব দেখে অনেকেই ফোন করছেন। সবার কথা শুনে অবাকই হয়েছি। সবাইকে নিশ্চিত করতে চাই ডাক্তারের পরামর্শ মেনে আমি কিছুদিন মঞ্চ থেকে দূরে থাকব। একটু ভালো ফিল হলে ফিরে আসব। এসব গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। আমি ফেসবুকে সব ক্লিয়ার করেছি।’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান কমল। তিনি উল্লেখ করেন, তাঁর কানের অবস্থা বর্তমানে খুবই খারাপ এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী এখন আর শো করা সম্ভব নয়।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘গরমে ওপেন এয়ার কনসার্ট করে আমি সব সময় অসুস্থ হয়ে যাই। জুলাই মাসে দুটি শো করে তা–ই হয়েছি। দ্বিতীয় কনসার্টটি করার পরে এমনই ডিহাইড্রেটেড এবং অসুস্থ হলাম যে পরদিন ইমার্জেন্সিতে হসপিটালে যেতে হলো। এর ফল হিসেবে আমি ওয়ারফেজের ইউকে ট্যুরে প্লেনে উঠতে পারলাম না।’

কনসার্টের আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে ওয়ারফেজের এই প্রতিষ্ঠাতা সদস্য লিখেছেন, ‘কনসার্টের আয়োজকদের কিছু কথা মনে থাকা উচিত। গরমকালে ওপেন এয়ার কনসার্টে স্টেজে পারফরমারদের জন্য পানি, স্যালাইন, ফ্যান, ইলেকট্রিক কুলার, পোর্টেবল এসি—এগুলোর ব্যবস্থা করা উচিত। এ ছাড়া স্টেজে অবাঞ্ছিত মানুষের আনাগোনা বন্ধ করতে হবে।’

অন্যান্য মিউজিশিয়ানদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমি স্টেজে পারফর্ম করে যে অল্পস্বল্প টাকাপয়সা উপার্জন করি, সেটা দিয়ে আমার সংসার চালাতে হয় না দেখে আমি ভাগ্যবান। কিন্তু বাকি উঠতি মিউজিশিয়ানরা, যারা প্রফেশনালি মিউজিক করে, তাদের এই ব্যাপারে অত্যন্ত কঠোর হতে হবে।’

সবশেষে তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের পারফর্মিং মিউজিশিয়ানদের যত্ন নেবেন প্লিজ। স্টেজে উঠে আমরা মাথার ঘাম পায়ে ফেলে পারফর্ম করি। আপনারা আমাদের কে দয়া করেন।’