পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে 'ডে নেটিং' বা ইন্ট্রাডে ট্রেডিং সুবিধা চালুর বিষয়ে সম্মতি প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সুবিধা চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, "পুঁজিবাজারে লেনদেন–ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ)-এর আবেদনের প্রেক্ষিতে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থার সম্মতির পর এখন প্রস্তুতিমূলক কাজ শুরু হবে, যা সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে। সম্প্রতি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান জানান, শুরুতে শেয়ারবাজারে তালিকাভুক্ত ভালো মানের শেয়ারে এই ডে নেটিং সুবিধা চালু করা হবে। সূত্রমতে, ডিএস-৩০ সূচকের অন্তর্ভুক্ত ৩০টি বাছাই করা কোম্পানির শেয়ারে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে, যা বাজারে শেয়ারের সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে।
একই সভায় রয়েল ফুটওয়্যারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করা হয়েছে। ২০২৪ সালের মার্চের পর এবং জুন মাসে পুনর্গঠিত বিএসইসির এটিই প্রথম আইপিও অনুমোদন। রয়েল ফুটওয়্যার ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে, যার মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ ব্যাংকঋণ পরিশোধ এবং খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয়ে ব্যয় করা হবে।
এছাড়া বিএসইসি সভায় মার্জিন ঋণ বিধিমালা সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনমত যাচাইয়ের জন্য সংশোধিত বিধিমালাটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের মেয়াদ শেষে অবলুপ্তির সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।