বাংলাদেশে তৈরি বৈদ্যুতিক কার্গো ভ্যান বাজারজাতকরণ শুরু করেছে র‍্যাংগস গ্রুপের ফিউচার মোবিলিটি ইউনিট র‍্যাংগসএক্স। গত ৮ জুলাই র‍্যাংগস অ্যাসেম্বলি প্ল্যান্টে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি ডংফেং বৈদ্যুতিক কার্গো ভ্যান হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর একটি পরিবহনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই নতুন উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে র‍্যাংগস গ্রুপের (অটোমোটিভ ডিভিশন) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, ‘শতভাগ বৈদ্যুতিক ১৮টি কার্গো ভ্যান হস্তান্তর শুধু একটি চুক্তির আনুষ্ঠানিকতাই নয়, এটি বাংলাদেশের ইভি যাত্রায় এক নতুন মাইলফলক। ডিএইচএলের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের আস্থা আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’

লজিস্টিকস খাতের চ্যালেঞ্জ ও সাশ্রয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির (আইশার বাস ও ট্রাক, ডংফেং ইভি এবং পিকআপ ডিভিশন) বিজনেস হেড শাহ মোহাম্মদ রুম্মান বিন রউফ বলেন, ‘লজিস্টিকস ব্যবসায় অন্যতম চ্যালেঞ্জ হলো যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ। বৈদ্যুতিক কার্গো ভ্যান ব্যবহারে উভয় ক্ষেত্রেই ব্যয় কমবে। এর ফলে লজিস্টিকস কার্যক্রম আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হবে।’

অন্যদিকে, ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক বলেন, ‘আমরা শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে কাজ করছি, যা অর্জনে নিজেদের ফ্লিটে শতভাগ বৈদ্যুতিক কার্গো গাড়ি সংযোজন করা হলো। বাংলাদেশে এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

উক্ত অনুষ্ঠানে র‍্যাংগস গ্রুপ এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগটি দেশের করপোরেট ও লজিস্টিকস খাতে ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ব্যবহারের প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে।